আসছে বর্ষা বাড়ছে শঙ্কা

ব্রহ্মপুত্রের ভাঙ্গনের মুখে রাজীবপুর

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৩
আসছে বর্ষা শঙ্কা বাড়ছে রাজীবপুরের মানুষের মাঝে। ব্রহ্মপুত্র ও সোনাভরি নদীর ভাঙ্গনের মুখে রয়েছে বেশ কয়েকটি গ্রাম ভাঙ্গন থেকে রাজীবপুর উপজেলার প্রশাসনিক ভবনগুলোর দূরত্ব মাত্র ৫শ’ গজ। আশঙ্কা করা হচ্ছে এবারের বর্ষায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে উপজেলাবাসীকে। ব্রহ্মপুত্র ও সোনাভরি নদী বিচ্ছিন্ন রাজীবপুর উপজেলার ৩ ইউনিয়ন। প্রতিবছর ভাঙ্গনের কবলে পড়ে ঘরবাড়ি ভিটেমাটি সহায়-সম্বল হারিয়ে ভূমিহীনে পরিণত হচ্ছে অসংখ্য মানুষ। সরেজমিনে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বর্ষা আসার আগেই ভাঙ্গন শুরু হয়ে গেছে। কোদালকাটি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, তার এলাকার উত্তর কোদালকাটি গ্রামের ৬০টি পরিবার ব্রহ্মপুত্রের ভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছে। মোহনগঞ্জ ইউপ চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু জানান, তার ইউনিয়নের বেপারিপাড়া ও নয়াচর বাজার পাড়া গ্রামের একশ’ পরিবার নদী ভাঙ্গনের মুখে পড়ে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে।