গোদাগাড়ী কাঁকনহাট সড়কে ব্রিজ ধসে দুর্ভোগ

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৪
রাজশাহীর গোদাগাড়ী-কাঁকনহাট সড়কের নবগ্রাম নামকস্থানে ব্রিজ ভেঙ্গে গেছে। বিকল্প রাস্তা না থাকায় লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ১২ মে ব্রিজটি ভেঙ্গে গেলে রাজশাহী-কাঁকনহাট সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজের পাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ না করায় লোকজন ফসলি জমির আইল দিয়ে পায়ে হেঁটে চলাচল করছে। গোদাগাড়ী-কাঁকনহাট সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাসসহ হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। উপজেলার কাঁকনহাট পৌরসভাসহ ৪টি ইউনিয়নের লোকজন উপজেলা সদরে আসার জন্য এই সড়কটি ব্যবহার করে থাকে। এ প্রসঙ্গে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিদুল গণি জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীকে গত জানুয়ারি মাসে জানানো হয়। এপ্রিল মাসের শুরুতেই ব্রিজের অর্ধেক অংশ ভেঙ্গে যায় এবং ১২ মে সম্পূর্ণ ব্রিজটি ভেঙ্গে যায়। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জোয়ার্দ্দার বলেন, এই স্থানে নতুন ব্রিজ নির্মাণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।