‘দুর্বৃত্তের’ রঙে নষ্ট রাণীর প্রতিকৃতি

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৫
যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের একটি প্রতিকৃতি এক ব্যক্তি রঙ ছিটিয়ে নষ্ট করেছে বলে জানিয়েছেন ওয়েস্টমিনস্টার আবের মুখপাত্র। নষ্ট প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি। রাণীর সিংহাসনে আরোহণের ৬০বছর পূর্তি উদযাপনের ৯দিন পর এ ঘটনা ঘটল। ওয়েস্টমিনস্টার আবেতে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা অংশ নিয়েছিলেন। এ উপলক্ষেই তৈরি হয়েছিল রাণীর ওই প্রতিকৃতি। অনুষ্ঠানের দিন রাণীর অন্যান্য জিনিসের প্রদর্শনীর সঙ্গে সঙ্গে এটিও প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। আবের মুখপাত্র জানান, বৃহস্পতিবার মধ্যাহভোজনের সময় আবেতে আসা এক দর্শনার্থী চ্যাপ্টার হাউস এ প্রদর্শিত রাণীর রাল্ফ হেইম্যান এর আঁকা ওই প্রতিকৃতিতে রঙ ছিটিয়ে দেয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মুখপাত্র বলেন, “চিত্রকর্মটি আবার ঠিক না করা পর্যন্ত এটি আর প্রদর্শনীর জন্য রাখা যাচ্ছে না।”