মহারাষ্ট্রে মাওবাদী হামলায় শীর্ষ ব্যবসায়ীসহ নিহত ৩

আপডেট : ১৪ জুন ২০১৩, ২০:৫৫
ভারতের মহারাষ্ট্র রাজ্যে মাওবাদীদের হামলায় ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান লয়েড মেটালের সহ-সভাপতি যশপাল সিং ধিলনসহ (৬০) তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে মহারাষ্ট্রের গাদচিরোলি জেলার ইতাপল্লি তহশিলে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। নিহত অপর দু’জন হলেন লয়েড মেটালের সহযোগী প্রতিষ্ঠান হেমলতা মিনারেলসের মল্লিকার্জুন রেড্ডি ও সূর্যগড় গ্রাম পুলিশ কর্মকর্তা রাজু সদাফদ। ওই এলাকায় লয়েড কোম্পানি একটি খনির ইজারা পেয়েছিল। কিন্তু মাওবাদীরা এই এলাকায় খনি প্রতিষ্ঠার বিরোধিতা করছিল। ওই তিনজন মাওবাদীদের সঙ্গে “সমঝোতার” জন্য মাঞ্জি গ্রামে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে নিহত তিনজনকে সূর্যগড় গ্রামের কাছে মাওবাদীরা গুলি করে ফেলে রাখে বলে জানানো হয়েছে। ছত্তিশগড়ের সীমান্ত সংলগ্ন গাদচিরোলি জেলা মাওবাদীদের শক্ত ঘাঁটি।