ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের যুক্তরাষ্ট্রের গোপন কর্মসূচি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন তোলা সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনকে বিশ্বাসঘাতকের বদলে দেশপ্রেমিক হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক। বুধবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির তিনজন নাগরিকের মধ্যে একজন মনে করেন যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কার্যক্রম ফাঁস করে দেশপ্রেমিকের কাজ করেছেন স্নোডেন। এজন্য তার কোনো শাস্তি হওয়া উচিত নয় বলেও মনে করেন তারা। জনমত জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৩ শতাংশ স্নোডেনকে বিশ্বাসঘাতক বলার পক্ষে মত দিয়েছেন, যেখানে তাকে দেশপ্রেমিক মনে করেন ৩১ শতাংশ। আর ৪৬ শতাংশ এ বিষয়ে কোনো মত দেয়নি। সন্ত্রাস দমন বিষয়ক কার্যক্রমের আওতায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিস্তৃত পরিসরে ইন্টারনেট গ্রাহকদের কর্মকাণ্ড ও টেলিফোন কথোপকথন রেকর্ড করছে বলে গত সপ্তাহে প্রকাশ করেন ২৯ বছর বয়সী স্নোডেন। গত প্রায় ছয় বছর ধরে গুগল, ফেসবুক ও স্কাইপের মতো ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভার থেকে সরাসরি তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ইমেইল, সোস্যাল মিডিয়ায় চ্যাট, ইন্টারনেটে কথোপকথন কোনো কিছুই এড়ায়নি গোয়েন্দাদের চোখ।
গোপন এ কার্যক্রমের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে কয়েক ডজন সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা প্রধান। তবে গোপন কর্মসূচি ফাঁস হওয়ার পর দেশ-বিদেশে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ওবামা প্রশাসনকে। এ পরিস্থিতিতে স্নোডেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মনোভাব জানতে এই জরিপ চালায় রয়টার্স/ইপসোস। তবে নিজেকে দেশপ্রেমিক বা বিশ্বাসঘাতক কোনোটাই মনে করেন না স্নোডেন।
