ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দোয়ারী শিল্পের প্রসার বাড়ছে। গত কয়েক বছর আগে উপজেলার গাজীরটেক ইউনিয়নের দোয়ারী পট্টি নামক গ্রামে এ শিল্পের কদর ছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন গ্রামে এ শিল্পের সমৃদ্ধি দেখা যাচ্ছে। প্রতিবছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পদ্মায় জোয়ার এলে এ শিল্পের কদর বাড়ে। তাই চলতি মৌসুমে দোয়ারীর প্রস্তুতকারীদের চোখে ঘুম নেই। বাঁশ কাটা, বাঁশ কেনা আর রাত-দিন করে দোয়ারী তৈরি করে বিভিন্ন জেলায় রপ্তানি করাই এ শিল্প কর্মীদের নেশা হয়ে দাঁড়িয়েছে। ২শ’ পরিবার চলতি মৌসুমে দোয়ারী তৈরির কাজে ব্যস্ত রয়েছে। দোয়ারী পট্টিগ্রামের আঃ রহিম শেখ জানায়- বড় ১টি বাঁশ দিয়ে ৪ খানা দোয়ারী তৈরি করা যায়। প্রতিটি ১৫০/২০০ টাকা দরে বিক্রি করে থাকি। তিনি আরো জানান মৌসুমের ৩ মাস পর্যন্ত এই দোয়ারীতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আটকা পড়ে। অত্র উপজেলার দোয়ারী মজবুত ও টেকসই বিধায় ঢাকা, সিরাজগঞ্জ,পাবনা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে।
