নোয়াখালী জেলার চাটখিলের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিত্সার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ প্রকাশ সম্প্রতি ডাক্তারের ভুল চিকিত্সায় ৫ দিনের ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রকাশ, চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ১৪ মে ডাক্তারের ভুল চিকিত্সায় অপমৃত্যু হয় উপজেলার বদলকোট গ্রামের প্রবাসী আবু রাসেলর এর স্ত্রী প্রসূতি দিলরুবা আক্তার সুমি (২০) ও তার (জমজ) ২ নবজাতকের ২৯ মে ইসলামীয়া হাসপাতালে ভুল চিকিত্সায় মৃত্যু হয় উপজেলার মোঃপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী সেতারা বেগমের (৩৫)। উল্লেখ্য, এখানে গত কয়েক বছরে উপজেলা সদরে ব্যাঙের ছাতার মত অনেক হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের কোন অনুমোদন নেই স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের। অনুমোদনের জন্য আবেদন করেই অবাধে এ ব্যবসা করে আসছে। এখানে এসব প্রতিষ্ঠানের সংখ্যা কত তার তথ্য নেই স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. খলিল উল্লাহ জানান এসব হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোন ক্ষমতা তাদের নেই। উপজেলা প্রশাসনেরও একই অবস্থা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত দিয়ে মাঝে-মধ্যে বিশেষ অভিযান চালিয়ে এসব হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিতে পারেন এবং মালিকদের জেল ও জরিমানা করতে পারেন।
