আজ ১৫ জুন, নোয়াখালী পৌরসভার শ্রীপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এদিনে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদররা ১১৫ জন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। একই সময় তারা ধর্ষণ, বাড়ি-ঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। এ নির্মম পৈশাচিক হত্যাযজ্ঞ ও মানবতা-বিরোধী ঘটনার বর্ণনা করে এ এলাকার মুক্তিযোদ্ধা কামালউদ্দিন, আতিকউল্যা ও মমতাজুল করিম বাচ্চু ও সাংবাদিক ফুয়াদ হোসেন জানান, নোয়াখালীর রেল স্টেশনের সংলগ্ন শ্রীপুর ও পার্শ্ববর্তী সোনাপুর এবং মধ্য করিমপুর গ্রামে এদিন দুপুর ৩টার দিকে পাকহানাদার বাহিনী হঠাত্ ঘিরে ফেলে নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। গুলির শব্দে এলাকার আতংকিত নারী-পুরুষ দিগবিদিক ছুটাছুটি শুরু করে পালানোর সময় হানাদাররা তাদের গুলি করে হত্যা করে। একই সময় ধর্ষণ, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালায়।
