কেরু চিনিকলের এমডি হত্যা প্রচেষ্টায় শ্রমিক ইউনিয়ন সভাপতি চাকরিচ্যুত

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:০৫
দর্শনার কেরু এ্যান্ড কোম্পানির (কেরু চিনিকল) এমডি সুদর্শন মল্লিককে হত্যা প্রচেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি কেরু শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি আজিজুল হককে চাকরিচ্যুতি করা হয়েছে। এছাড়া ঢাকা ওয়্যার হাউজের (মদ বিক্রি পণ্যাগার) সহকারী ইনচার্জ সাবেক সেক্রেটারি মাসুদুর রহমানের ছেলে সৌমিক হাসান রূপম ও ইলেকট্রিশিয়ান ফরজ আলীকে শাস্তির আওতায় আনার বিধান রাখা হয়েছে । বৃহস্পতিবার অফিস শেষে নোটিস বোর্ডে এই মর্মে একটি নোটিস টাঙ্গিয়ে দেয়া হয়েছে। দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল কাইউম জানান, গত ৩০ মার্চ দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি এমডি সুদর্শন মল্লিককে নিজ অফিসে হত্যা প্রচেষ্টার ঘটনা ঘটানো হয়। এ বিষয়ে তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিজুল হককে চাকরিচ্যুতি এবং ঢাকা ওয়্যার হাউজে কর্মরত ইলেকট্রিশিয়ান ফরজ আলীর বেতন স্কেল এক ধাপ নিচে নামানো ও শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি মাসুদুর রহমানের ছেলে রূপমকে এক বছর পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে এমডিকে হত্যা চেষ্টার ঘটনার মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।