কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
কালিয়াকৈর সংবাদদাতা \ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত ১১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাপতি মো. আব্দুল হাকিম মাস্টারের সভাপতিত্বে উপজেলা পরিষদের আমতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. মোতালেব হোসেন প্রমুখ।
কাপাসিয়ায় ১১ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
কাপাসিয়া সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষক পদকে ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা দান, জাতীয়করণকৃত শিক্ষকদের সরকারি বেতন স্কেলসহ বকেয়া বেতন প্রদান, শতকরা ৭৫ ভাগ মহার্ঘ্য ভাতাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাপাসিয়া উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাহমুদা খাতুন, এসএম মাহতাব উদ্দিন, মোহসিন আকন্দ, ফিরোজ মিয়া, মুসলিমা আক্তার সুইটি, আমজাদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
সাতকানিয়ায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া হালুয়াঘোনা এলাকায় গত ১০ জুন সোমবার হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য প্রদান করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের অনুপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লুত্ফর রহমান এ সাহায্য তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব, উপজেলা প্রকৌশলী মো. তাসাউর, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, স্থানীয় ইউপি সদস্য মো. ইউছুফ ও নিহতের মামা শাহাদত হোসেন।
গোপালগঞ্জে মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার খাটরা সার্বজনীন কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন খাটরা সার্বজনীন কালীবাড়ি কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, কবি-সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।
সাতক্ষীরা পৌরসভার বাজেট ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের ১৪৩তম বাজেট ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটরিয়ামে ৩৬ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৯২৩ টাকার এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন সাতক্ষীরার পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিল। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেন, টিআইবির নির্বাহী সদস্য এড. একেএম শহিদুল্লাহ, প্যানেল মেয়র শফিক-উদ-দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জোছনা আরা প্রমুখ। বাজেটে ট্যাক্স ফি, শুল্কসহ বিভিন্ন খাতে ৩৬ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা আয় দেখানো হয়েছে।
তালায় এসিড সন্ত্রাস প্রতিরোধে আলোচনা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ‘‘এসিড সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও এসিড আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন’’ বিষয়ক এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন আলী।
গাজীপুর প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি \ সরকারি প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা দান, ৭৫ ভাগ মহার্ঘ্য ভাতাসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত বৃহস্পতিবার সংগঠনের গাজীপুর সদরের উদ্যোগে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর সদর উপজেলার সভাপতি বদরুন নাহার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমুখ।
মিঠাপুুকুরের পায়রাবন্দে উপ-নির্বাচন অনুষ্ঠিত
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। বেসরকারিভাবে বৈদ্যুতিক পাখা প্রতীকে রাজু ১১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রহমান চলতি বছরের ১২ মার্চ মারা যায়। ফলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জে ২য় যমুনা রেল সেতুর স্থান নির্বাচন নিয়ে মতবিনিময় সভা
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জে ২য় যমুনা রেল সেতু নির্মাণ স্থান যাচাইয়ের বিশেষজ্ঞ টিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের সেতু বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এস, এম, ই, সি-এর প্রধান বিশেষজ্ঞ ড: মোহাম্মদ জামানের (পিএইচডি) নেতৃত্বে একটি কমিটি উপজেলার সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিশেষজ্ঞ টিমের প্রধান ড:মোহাম্মদ জামান (পিএইচডি) জানান, প্রাথমিকভাবে ২য় যমুনা রেল সেতু করার জন্য মাদারগঞ্জ-সারিয়াকান্দি ও দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ-ফুলছড়ি স্থান নির্বাচন করা হয়েছে। জনমত ও ব্যাপক যাচাই-বাছাইয়ের পর সেতু নির্মাণের প্রস্তুতি নিবে।
নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়ন পরিদর্শন করলেন প্রধান বন সংরক্ষক
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর ধামইরহাটে সামাজিক বনায়ন পরিদর্শন করলেন প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী। বৃহস্পতিবার বিকালে উপজেলায় বনবিভাগের বাঁশবাগান, জাতীয় উদ্যান আলতাদীঘি ও শালবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আলতাদীঘিতে তিনি একটি বটবৃক্ষ রোপণ করেন।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত্ কুমার রুদ্রের সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন বগুড়ার সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক ড. লষ্কর মাকসুদুর রহমান, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলদার হোসেন, নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন, ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক প্রমুখ।
জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদের বাজেট পেশ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে আয়োজিত বাজেট পেশ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবজিত্ সিংহ।
তাড়াশ উপজেলা ইউসিসিএ ত্রি-বার্ষিক নির্বাচন
চলনবিল (তাড়াশ) সংবাদদাতা \ তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) ত্রি-বার্ষিক নির্বাচনে বৃহস্পতিবার সভাপতি পদে গাজী ওয়াজেদ আলী আজাদ নির্বাচিত হয়েছে।
সৈয়দপুরের বোতলাগাড়ি ইউপি’র বাজেট ঘোষণা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ ইউনিয়নবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে সৈয়দপুর উপজেলার ৪নং বোতলাগাড়ি ইউনিয়নের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।
সৈয়দপুরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত এক ছটাক ধান সংগ্রহ না হলেও ২৩ টন চাল সংগ্রহ করা হয়েছে। গত ১১ জুন উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুব হাবিব হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজু প্রমুখ উপস্থিত ছিলেন।
