সুপ্র’র পর্যালোচনা

প্রস্তাবিত বাজেটে সুবিধায় ধনিক ও ব্যবসায়ী শ্রেণি

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৪০
প্রস্তাবিত বাজেটে মূলত ধনিক ও ব্যবসায়ী শ্রেণিকে সুবিধা দেয়া হয়েছে। বাজেট বক্তৃতায় সাধারণ জনগণকে দেয়া প্রতিশ্রুতি আলংকরিক। কেননা বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে। যা সিংহভাগই আসবে সাধারণ মানুষের পকেট থেকে। ফলে সাধারণ জনগণের জীবনযাত্রার উপরেই প্রভাব পড়বে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অত্যাবশ্যকীয় সেবাখাতে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলেও সেখানে বরাদ্দ অপ্রতুল। গতকাল জাতীয় প্রেসক্লাবে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান - সুপ্র’র বাজেট পর্যালোচনায় বক্তারা এ অভিযোগ করেন। ‘জাতীয় বাজেট ২০১৩-১৪: তৃণমূলের পর্যালোচনা’ শীর্ষক এ পর্যালোচনায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আলোচনা সভা সঞ্চালনা করেন সুপ্র’র ভাইস চেয়ারপার্সন আহমেদ স্বপন মাহমুদ। বক্তারা বলেন, কৃষিখাতে বরাদ্দ সামান্য বাড়লেও ভর্তুকি কম দেয়া হয়েছে যা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া কালো টাকা সাদা করার উদ্যোগেরও কঠোর সমালোচনা করেন তারা। সেই সাথে বাজেট বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বাড়ানো, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম নিশ্চিত করা এবং বাজেট কাঠামো সংস্কারের মাধ্যমে জেলা বাজেটে জন অংশগ্রহণ বাড়ানোর দাবি জানানো হয়। আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কর দিতে সমর্থ ব্যক্তিদের কাছ থেকে যথাযথ উপায়ে কর আদায় নিশ্চিত করা গেলে বাইরের ঋণ গ্রহণের প্রয়োজন হতো না। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজনীতিকে রোগমুক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি রোগমুক্ত না হলে যত কল্যাণমুখী বাজেটই হোক না কেন, তা কখনো জনগণের কাজে আসবে না। স্বভাবসুলভ রাজনৈতিক প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ’৭১ এর আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। আর ভদ্রলোকেরা এটাকে বলছেন সংকট। আসলে বাংলাদেশের সংকট হচ্ছে, আমাদের আত্মপরিচয়ের। আগামীতে আর রাজনীতি না করার কথা আবারো পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বাজেট কাঠামো সংস্কার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষকে সমপৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, উপর থেকে চাপিয়ে দেয়া বাজেট নয় বরং নিচ স্তরের চাহিদার ভিত্তিতে বাজেট প্রণয়ন করলেই তা কার্যকর বাজেট হবে। আলোচনায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সুপ্র’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়েজুর রহমান ফকিরসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও সাংবাদিক প্রতিনিধিরা। এছাড়া অনুষ্ঠানে সুপ্র’র ৪৫টি জেলার সংগঠকরা উপস্থিত ছিলেন।