মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করায় নড়াগাতীর ওসিকে হাইকোর্টে তলব

আপডেট : ১৪ জুন ২০১৩, ২১:৪৪
এক মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করার অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার ওসিকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৯ জুলাই ওসিকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার স্বত:প্রণোদিত হয়ে এই আদেশ দেন। একইসঙ্গে ওইদিনের ঘটনার বিবরণ প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে অবহেলা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত বুধবার একটি জাতীয় দৈনিকে ‘রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন ক্যারমে ব্যস্ত ওসি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।