নির্বাচনের পূর্ব মুহূর্তে আকস্মিকভাবে ম্যাজিস্ট্রেট সংখ্যা কমিয়ে দেয়ায় শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল। তার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান সমন্বয়কারী মজিবর রহমান সরোয়ার এমপি গত রাতে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন তা পূরণ না করে আমাদের বিজয় ছিনিয়ে নেয়ার চক্রান্ত চলছে। তিনি বলেন আমরা নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন ও ৫০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার জন্য ১৫ দিন আগে নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম। ৩ দিন আগে ৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা জানানো হয়। বৃহস্পতিবার ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা তাদের জানিয়ে ছিলেন রিটার্নিং অফিসার। নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা জানানো হয়। প্রার্থী আহসান হাবিব কামাল পর্যায়ক্রমে ম্যাজিস্ট্রেট কমিয়ে আনার ব্যাপারে রিটার্নিং অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রিটার্নিং অফিসার তার ফোন রিসিভ করেননি বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলনে মজিবর রহমান সরোয়ার বলেন, আমাদের নেতা-কর্মীদের একের পর এক গ্রেফতার করে অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম সাজানো প্রশাসন ও এক পেশে নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের বিজয় ছিনিয়ে নেয়া হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে। আমরা আগেও বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। তবুও এসিড টেস্ট হিসেবে এ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা অংশ নিয়েছি।
