সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকসহ নিহত ২

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:২২
রাজধানীর মুগদা ও উত্তরা এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে হামিদুল ইসলাম নামের একজনের পরিচয় জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপরজনের পরিচয় জানা যায়নি। তাদের দু’জনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুগদা থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুগদা ঝিলপাড়ের সামনে বাসের ধাক্কায় হামিদ গুরুতর আহত হন। সে সময় এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হামিদুল ইসলামের নাম জানা গেলেও তার ঠিকানা জানা যায়নি। নিহতের পরণে ছিল চেক লুঙ্গি ও কালচে হাফ গেঞ্জি। মুগদা থানার ওসি জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে বাস চালক পলাতক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরদিকে গতকাল একই সময়ে উত্তরা এলাকায় অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার একজন এসআই জানান, সকালে আব্দুল্লাপুর ফ্লাইওভারের নিচ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভোরে কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।