প্রস্তাবিত কক্সবাজার-চট্টগ্রাম উপকুলীয় আঞ্চলিক মহাসড়কের চৌফলদণ্ডী খালের উপর ১.৮০ মিটার দীর্ঘ ‘চৌফলদণ্ডী-খুরু স্কুল’ ব্রিজের কাজ শেষে এখন উদ্বোধনের অপেক্ষায়। আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কক্সবাজার সফরকালে এ ব্রিজটি উদ্বোধনের কথা। তবে এখনও বাকী এপ্রোচ সড়কের কাজ। এমনকি ব্রিজের দু’পাশের রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। গত বৃহস্পতিবার বিকালে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, চৌফলদণ্ডী খালের উপর বহুল প্রত্যাশিত ব্রিজটির নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এখন ব্রিজের দু’পাশের এপ্রোচ সড়কের কাজ চলছে। এছাড়া ব্রিজের দক্ষিণ পাশে খুরু স্কুল হতে কক্সবাজার শহর প্রান্ত পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। যার কারণে এ সংক্ষিপ্ত পথ পাড়ি দিতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। এ সড়কটি সংস্কার না করেই ব্রিজটি চালু হলে এর পুরোপুরি সুফল আদৌ জনগণ পাবে কীনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এলাকাবাসী।
কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী জানান, এ ব্রিজটি নির্মাণের জন্য তিনি ১৯৯৬ সালে তত্কালীন স্থানীয় সরকার মন্ত্রী জিল্লুর রহমানের বরাবরে আবেদন করেন। কিন্তু বিশাল ব্যয় সাপেক্ষ হওয়ায় বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে যোগাযোগ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই শেষে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু গত ৪ দলীয় জোট সরকারের সময় অজ্ঞাতকারণে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
বর্তমান মহজোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার (মোস্তাক আহামদ চৌধুরী) পুনরায় চেষ্টা-তদবিরের ফলে আবারো নির্মাণ কাজ শুরু হয়। আগামী জুলাই মাসে কক্সবাজারে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময় ব্রিজটি উদ্বোধনের কথা রয়েছে।
