ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় বন বিভাগের বিভিন্ন দাগের জমি থেকে এসকেভেটর লাগিয়ে ড্রামট্রাক দিয়ে মাটি কেটে নিচ্ছে একাধিক চক্র। এতে বনভূমির ব্যাপক ক্ষতি সাধনসহ ভূমির শ্রেণী পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশের ক্ষতি সাধন হচ্ছে। অপরদিকে ওই চক্রটি মাসের পর মাস বিভিন্ন মিল-ফ্যাক্টরীতে মাটি সরবরাহ করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, হবিরবাড়ী রেঞ্জের আওতাধীন মনোহরপুর, চেচুয়ারমোড়, পাড়াগাঁও, গৌরিপুর, আওলাতলী, সীডস্টোর, বড়চালা, নুইন্দাপাড়া, মেহেরাবাড়ী, ধামশুর, কাশর ও জামিরদিয়া এলাকায় কয়েকটি গ্রুপ ১০/১২টি ভেকুমেশিন দিয়ে দিন-রাত বন বিভাগের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। ওইসব মাটি সরবরাহের জন্য প্রতিদিন ৭০/৮০টি ড্রামট্রাক ব্যবহূত হচ্ছে। বনের জমি থেকে দিন-রাত মাটি কেটে নিলেও বন বিভাগের লোকজন মাটি কাটার কাজে বাধা দিচ্ছে না।
