উখিয়ার বালুখালী খাল দখল নিয়ে উত্তেজনা

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৩৫
উখিয়ার বালুখালী জোয়ার-ভাটার খাল দখলে নেমেছে কতিপয় প্রভাবশালী সিন্ডিকেট। তারা বাঁশের খুঁটি স্থাপন করে বালির বস্তা দিয়ে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করার ফলে এলাকায় অন্ততপক্ষে শতাধিক একর ফসলি মৌসুমে অনাবাদি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে অসংখ্য ঘর-বাড়ি, জমি-জমা প্লাবিত হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। জানা গেছে, বঙ্গোপসাগরের মোহনা থেকে উত্পত্তি রেজুখাল নামধারণ করে জালিয়াপালং ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এ খালটি সরাসরি বালুখালী হয়ে সীমান্তের নাফ নদীর সাথে সংযুক্ত হয়েছে। যে কারণে এ খালে নিয়মিত জোয়ার-ভাটা হয়ে থাকে। শুষ্ক মৌসুমে এ খালের পানি দিয়ে প্রায় শতাধিক একর অনাবাদি জমিতে বোরো আবাদসহ বিভিন্ন শাক-সবজি উত্পাদন হয়ে থাকে। শুষ্ক কৃষক নজির আহমদ জানান, বালুখালী খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানির নিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়ে পুরো বালুখালী এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার পানির নিচে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।