অর্থাভাবে রেলের পোড়া বগি মেরামত কাজ বন্ধ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৩৬
অর্থ বরাদ্দের অভাবে নাশকতায় আগুনে পোড়া ৩টি অত্যাধুনিক যাত্রীবাহী বগি মেরামত কাজ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রাখা থাকলেও গত ৩ মাসেও অতিরিক্ত অর্থের বরাদ্দ না মেলায় মেরামত কাজ শুরু হয়নি। রাজশাহী লোকোশেড থেকে এসব বগি মেরামতের জন্য গত ১৩ মার্চ এ কারখানায় পাঠানো হয়। আগুনে ক্ষতিগ্রস্ত এসব বগি মেরামতে প্রায় ২ কোটি টাকা ব্যয় হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা বিলাসবহুল বগির প্রতিটির দাম দেড় কোটি টাকা। গত ২ মার্চ রাজশাহী স্টেশনে দাঁড়িয়ে থাকা তিন বগিতে আগুন দেয় জামায়াত-শিবির। পরে পুড়ে যাওয়া এসব বগি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয়। বর্তমানে বগি ৩টি মেরামত করতে কারখানার ক্যারেজ শপের সিক লাইনে রয়েছে।