কুমিল্লা বোর্ডের ৫৪ কলেজের ভর্তি তালিকা প্রকাশ আজ

আপডেট : ১৫ জুন ২০১৩, ২১:৩৯
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৩১৩টি কলেজের মধ্যে এ বছর ৫৪টি কলেজে উচ্চ মাধ্যমিকের ৩টি বিভাগে ৩৬ হাজার আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন পড়েছে ৮৯ হাজার। আজ রবিবার যোগ্য ভর্তি তালিকা প্রকাশ করা হবে। এ আবেদন প্রক্রিয়ায় দ্বিগুণের বেশি আবেদনের ফলে অর্ধেকের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত এসব কলেজে ভর্তি হতে পারবে না। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ৩৪টি সরকারি ও ২৭৯টি বেসরকারি কলেজসহ মোট ৩১৩টি কলেজের মধ্যে ৫৪টি কলেজে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে ভর্তি আবেদনের শেষ তারিখ ছিল গত ৬ জুন। তবে পুনঃনিরীক্ষায় যাদের ফল পরিবর্তিত হয়েছে তারা ১০ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছে। ৫শ’ বা এর ঊর্ধ্বে আসন সংখ্যার সরকারি-বেসরকারি ৫৪টি কলেজ এ বছর অনলাইনে ভর্তির আওতায় আনা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ উপ-পরিদর্শক ড. বিজন চক্রবর্তী জানান, ‘এ বছর ৫৪টি কলেজে অনলাইনে এসএমএস এর মাধ্যমে ৩৬ হাজার ১০৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৯ হাজারের কিছু বেশি। ১৬ জুন এসব কলেজে যোগ্য ভর্তি তালিকা প্রকাশ করা হবে এবং ওইদিনই বোর্ডের ওয়েবসাইট ও স্ব-স্ব কলেজের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীর মোবাইলে টেলিটক থেকে ম্যাসেজের মাধ্যমেও রেজাল্ট পৌঁছে যাবে।’ প্রসঙ্গত এ বোর্ডের অধীন ৬ জেলায় সরকারি-বেসরকারি ৩১৩টি কলেজের মধ্যে নোয়াখালীতে ৩৯টি, লক্ষ্মীপুরে ২৭টি, ফেনীতে ২৫টি, কুমিল্লায় ১৩১টি, চাঁদপুরে ৪৯টি ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪২টি কলেজ রয়েছে।