মধুখালীতে সাহিত্য গোষ্ঠীর বর্ষাবরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ শনিবার আষাঢ় প্রজ্ঞা কিশোর সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে বর্ষাবরণ উত্সব পালিত হয়েছে। সকালে মধুখালী পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভা যাত্রা শেষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের আমতলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রজ্ঞা কিশোর সাহিত্য গোষ্ঠীর সভাপতি মো. নজরুল ইসলাম দুখুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অ্যাড. মানিক মজুমদার, আবু সাঈদ মিয়া, আকরাম খান, শাহ কুতুবুজ্জামান, শাহেদ বিপ্লব, মাকসুদুল ইসলাম, শামিম আহমেদ, আফরোজা বেগম, মৌসুমী নাদিয়া, মিশু, আজিম জসিম প্রমুখ।
আশুগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার প্রেসক্লাবের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সুধী সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এড. সৈয়দ এ.কে.এম ইমদাদুল বারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু উত্সব মুখর পরিবশে অনুষ্ঠিত হয় প্রধান ২টি পদে ভোট গ্রহণ।এ তে সেলিম পারভেজ (দৈনিক ইত্তেফাক/মাছরাঙ্গা টিভি) সভাপতি ও মো হুুমায়ন কবির (দৈনিক ইনকিলাব/গাজী টিভি) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আড়াইহাজারে এক লম্পট গ্রেফতার
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা \ আড়াইহাজারে পরিচয় গোপন রেখে মুসলিম মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উজ্জ্বল দাস নামে এক লম্পটকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, আড়াইহাজার পৌরসভাধীন কামরানীরচর গ্রামের তরুণ দাসের ছেলে উজ্জ্বল দাস (২২) নিজেকে মুসলিম পরিচয় দিয়ে পাঁচগাঁও দেওয়ানপাড়া গ্রামের ১৯ বছরের এক তরুণীর সাথে মন দেয়া নেয়া করছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠলে ওই তরুণী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর ওই তরুণী উজ্জ্বল দাসকে মুসলিম রীতি অনুয়ায়ী বিয়ে করার চাপ প্রয়োগ করে। লম্পট কৌশলে তাকে হিন্দু ধর্ম মতে বিয়ে করার প্রস্তাব দিলে তরুণীটি প্রত্যাখ্যান করে। শুক্রবার রাতে থানায় তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ উজ্জ্বলকে গ্রেফতার করে।
ইসলামপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর প্রতিবন্ধী শিশুশিক্ষা পরিচর্যা সমিতির উদ্যোগে শনিবার ইসলামপুর প্রশিপস কার্যালয়ে ৫১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। প্রশিপস-এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপবৃত্তি প্রদান সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। প্রশিপস-এর পরিচালক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর মেয়র আব্দুল কাদের সেখ প্রমুখ।
চাটখিলের গুলিবিদ্ধ সন্ত্রাসী মারা গেছে
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ গুলিবিদ্ধ নোয়াখালী জেলার চাটখিলের সোবাহানপুর এলাকার লাবলু বাহিনীর প্রধান সন্ত্রাসী লাবলু (৩০) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। এর আগে বুধবার সোবাহানপুর দুবাই মার্কেট এলাকায় বাবুল ও মোল্লা বাহিনীর সাথে লাবলু বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এতে লাবলু, তার ভাই দুলালসহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। দুলালের অবস্থাও আশংকাজনক। লাবলু উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের খোরশেদ আলম ওরফে আবু ড্রাইভারের ছেলে। সোবাহানপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত্ বাবুল ও মোল্লা বাহিনীর সাথে লাবলু বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল।
পদক পেলেন বামনার ইউপি চেয়ারম্যান
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইতুল ইসলাম লিটু মৃধা সমাজসেবায় জাতীয় মাদার তেরেসা পদক পেয়েছেন। শুক্রবার সকালে পদক নিয়ে তিনি বামনায় আসলে হাজার হাজার নেতা-কর্মী বামনা লঞ্চঘাটে তাকে সংবর্ধিত করে। পরে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা সফর করে। ১০ জুন জাতীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে মাদার তেরেসা ফাউন্ডেশন দেশের ৬ জন ইউপি চেয়ারম্যানকে এ পদক প্রদান করে।
রাজীবপুরে প্রশাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধ হস্তক্ষেভের অভিযোগ পাওয়া গেছে। আব্দুল আজিজ মোল্লা নামের এক ব্যক্তি গতকাল শনিবার উপজেলা চত্বরে তার নিজস্ব জায়গায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন। এ সময় বিভিন্ন পত্রিকার ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলান্দহ আওয়ামী লীগের সম্মেলন
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহের ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ জুন হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.বাকিবিল্লাহ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু প্রমুখ ।
সাঘাটা কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা \ গতকাল শনিবার গাইবান্ধার সাঘাটা ডিগ্রি কলেজের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, যুবলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. দ্বিজেন্দ্রনাথ পাল।
রাণীনগরে পল্লীশ্রীর মতবিনিময় সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার পল্লীশ্রীর আয়োজনে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পল্লীশ্রীর এফটি মো. মিজানুর রহমান (ধামুইরহাট), মাঠ প্রশিক্ষক মো. মিজানুর রহমান (লিডার) প্রমুখ।
খালিয়াজুরীতে বর্ষাবরণ অনুষ্ঠান
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ বর্ষা ঋতুকে বরণ করার লক্ষ্যে ১ আষাঢ় শনিবার স্থানীয় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে খালিয়াজুরীতে অনুষ্ঠিত হয় বর্ষাবরণ অনুষ্ঠান। বাংলাদেশ ৬ ঋতুর দেশ। প্রতিটি ঋতুতেই যুগোপযোগী চেতনায় যেন এদেশ উদ্ভাসিত হয় এমন প্রত্যাশায় এখানে আয়োজিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের মাঝে ছিল পুকুর থেকে হাঁস ধরা, নৌকাবাইচ প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ গণ সচেতনতামূলক একটি গণনাটক। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক আনিস মাহামুদ।
পিরোজপুর জাসাসের কমিটি অনুমোদন
মো. রফিকুল ইসলামকে সভাপতি, কণ্ঠশিল্পী মাহমুদ খানকে সাধারণ সম্পাদক ও মো. জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পিরোজপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক ও সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান —প্রেস বিজ্ঞপ্তি
বাকৃবিতে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন
বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা \ বীজের রোগ, বীজ বাহিত ফসলের রোগ, রোগ-জীবাণু এবং তাদের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৮ জুন থেকে ৩ দিনব্যাপী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে দেশের ১ম জাতীয় বীজ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সীড প্যাথলজি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
ত্রিশালে ছেলের ছুরিকাঘাতে মা খুন
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ ত্রিশালে মোজাম্মেল নামে বিদেশ ফেরত এক যুবক তাঁর মাকে কুপিয়ে হত্যা করছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়- উপজেলার আমিরাবাড়ী ইউপির কাচাচড়ার মোজাম্মেল (২৬) ৬মাস আগে চাকুরী নিয়ে সিঙ্গাপুরে যায়। সেখানে নারী কেলেঙ্কারীতে জড়িয়ে ৩ মাস জেল খেটে ১ মাস আগে বাড়ি ফেরে। এরপর নানা অজুহাতে স্ত্রীকে প্রায়ই মারধোর ও খুন করতে উদ্যত হতো। এ নিয়ে ঘটনার রাতে মা অজুফা বেগমের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে সে মায়ের পেটে বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার পিপিএম জানান- নিহতের স্বামী আব্দুস ছালাম বাদী হয়ে মোজাম্মেলকে আসামী মামলা করেছে।
নড়িয়ায় মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
নড়িয়া(শরীয়তপুর)সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় স্বাধীনতা ভবনে শুক্রবার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ নান্নু সরদারের ১ লাখ ৪৮ হাজার, নিরঞ্জন সুত্রধর ১ লাখ ১৮ হাজার ৩১৮টাকা ও শুকুজানের ৪৮ হাজার টাকার চেক প্রদান করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার কর্নেল শওকত আলী এমপি। শরীয়তপুর জোন ইনচার্জ মাস্টার শাহজাহান সিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম, মাজেদা শওকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান,সভাপতি হাজী হাচান আলী রারী, মেয়র হায়দার আলী।
ফরিদগঞ্জে দু’টি মত্স্য খামারে বিষ প্রয়োগ
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ ফরিদগঞ্জে দু’টি মত্স্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রায় ৫ একর জায়গায় উপর গড়ে তোলা মত্স্য খামার দু’টিতে বিষ প্রয়োগের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংবাদ পেয়ে স্থানীয় মত্স্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
রূপগঞ্জে শহীদ বকুল স্মৃতি ভাস্কর্য উদ্বোধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী-রূপগঞ্জ সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ড নির্মিত শহীদ বকুল স্মৃতি ভাস্কর্য শুক্রবার উদ্বোধন করা হয়েছে। সিটি গ্রুপের নিজস্ব অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প দু’টি বাস্তবায়ন করা হয়েছে। রূপসী বাসস্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ’৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ বকুলের মা মহিতুন নেছা। বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
রামগড়ে গাছ কাটার প্রতিবাদে সড়ক অবরোধ
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা \ রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাইল্যাভাঙ্গা এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি বাগানের প্রায় দুই হাজার ফলদ ও বনজ গাছ কাটার প্রতিবাদে শুক্রবার বিক্ষুব্ধ বাঙালিরা উপজেলার জালিয়াপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। বাগানের মালিক হাজী রুহুল আমিন জানান, একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাদের দাবিকৃত মোটা অংকের চাঁদা না পেয়ে বুধবার গভীর রাতে তাঁর বাগানের প্রায় দুই হাজার ফলদ ও বনজ গাছ কেটে ফেলে।
দুর্গাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডে শুক্রবার স্থানীয় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের বাড়ির নিকট হইতে রফিক মিয়ার বাড়ি পর্যন্ত ৫ ফুট প্রশস্ত করে আধা কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মোঃ রাকিবুল ইসলাম রাকিব। মহল্লাবাসীরা জানান,দীর্ঘদিন ধরে উক্ত রাস্তাটি চলাচলের অযোগ্য।
দুমকিতে দু’টি ইউনিয়নের নির্বাচন ২৩ জুন
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকি উপজেলা লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে পুনরায় নির্বাচনের তারিখ ২৩ জুন ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং অফিসার সারমিন আফরোজ।
গাজীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ
গাজীপুর প্রতিনিধি\ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, মেট্রোপলিটন পুলিশ, পুলিশ রেঞ্জ, পুলিশ হাসপাতাল ও পুলিশ একাডেমী থেকে ১৯ এবং আনসার ব্যাটালিয়নের ৫ জন প্রতিনিধিকে সপ্তাহব্যাপী একটি মৌলিক ফার্স্ট এইড প্রশিক্ষণ প্রদান করা হয়। শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সেন্টারে সমাপনী মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. মনজুর কাদের খান।
বানারীপাড়ায় স্বর্ণালংকারসহ ডাকাত গ্রেফতার
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় ডাকাতির লুণ্ঠিত স্বর্ণালংকারসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বানারীপাড়া বন্দর বাজারের বৌরানী জুয়েলার্সে আজাদ সরদার(৩৮), হুমায়ুন কবির(২৫) ও ওয়াসিম (২৮) নামের তিন ব্যক্তি স্বর্ণের গহনা বিক্রি করতে আসলে তাদের আচরণে সন্দেহের সৃষ্টি হলে জুয়েলারী মালিক মৃতুঞ্জয় কর্মকার থানায় খবর দেন। ওসি গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
