বিভিন্ন দাবিতে চলা বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের ধর্মঘট কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিলে গতকাল শনিবার বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত সকল শ্রমিককে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) অধীনে স্থায়ী নিয়োগ, খনিতে দেশীয় অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, ২০১১-১২ সালের প্রফিট বোনাসের হিসাব প্রকাশসহ আগামীতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমান প্রফিট বোনাস প্রদান, শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু এবং শ্রমিকদের জীবন বীমা চালুর দাবিতে গত বৃহস্পতিবার থেকে কয়লাখনি শ্রমিকরা ধর্মঘট পালন করে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের অনেক দাবিই মানবিকভাবে সমর্থনযোগ্য। এগুলোর প্রতি এমডিসহ সকলেরই সহানুভূতি রয়েছে। বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে অবশ্যই কর্তৃপক্ষ যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে আশা করি।
