‘ধর্ষক’ পুলিশের ফাঁসির দাবিতে সিরাজদিখান থানা ঘেরাও

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:১৩
‘ধর্ষক’ পুলিশের ফাঁসির দাবিতে গতকাল শনিবার জেলার সিরাজদিখান থানা ঘেরাও করেছে প্রায় ১২৫০ জন স্কুল শিক্ষার্থী। তারা সবাই ধর্ষণ হওয়া ঐ শিক্ষার্থীর স্কুলের ছাত্র-ছাত্রী। পরে পুলিশ সুপারের নিকট তারা ‘ধর্ষক’ পুলিশের এসআই জাহিদের ফাঁসির দাবিতে স্মারকলিপি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শিক্ষার্থীরা গতকাল দুপুরে মিছিলসহ থানা ভবন ঘেরাও করে। প্রায় আধাঘণ্টা তারা থানা ভবন ঘেরাও করে রেখেছিল। এ সময় তারা স্কুল ছাত্রীর ধর্ষণের প্রতিবাদ ও ‘ধর্ষক’ পুলিশের এসআইয়ের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে। হামলার আশংকায় পুলিশ থানা ভবনের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সিরাজদিখান থানার ওসি আবুল বাসার বলেন, একজন পুলিশ কর্মকর্তার অপকর্মের দায়ভার সারা পুলিশ প্রশাসন নিতে পারে না। অভিযুক্ত দারোগা যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার উপযুক্ত বিচার হবে। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্তসহ গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ হওয়া ঐ শিক্ষার্থীর স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিত্ ঘোষ বলেন, শিক্ষার্থীরা ‘ধর্ষক’ পুলিশ অফিসারের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। অপরাধীর যথাযথ শাস্তি না হলে অন্যরাও অনুপ্রাণিত হয়ে এ ধরনের জঘন্য কাজ করতে পারে।