চার সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই ফল জানতে আগ্রহী হয়ে পড়েন দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিরা। দেশের মানুষজন গতকাল শনিবার সান্ধ্যকালীন কাজকর্ম ফেলে বসে পড়েন টেলিভিশন সেটের সামনে। সর্বশেষ তথ্য জানার রিমোট কন্ট্রোলের সাহায্যে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাওয়া-আসা। এভাবেই চলতে থাকে গভীর রাত অবধি। কিন্তু টিভি পর্দায় যেটুকু তথ্য পাওয়া যাচ্ছিল, তারচেয়ে অনেক দ্রুত ও বেশি খবর পাওয়া যাচ্ছিল অনলাইনে। সবচেয়ে বেশি দেখা গেছে মোবাইল ফোন ব্যবহার।
গতকাল অনুষ্ঠিত চার সিটি করপোরেশনের নির্বাচনী ফলাফলের তথ্য প্রচারের ক্ষেত্রে এবার বিশেষ মাত্রা যুক্ত করে অনলাইন গণমাধ্যমগুলো। প্রতি মুহূর্তের অগ্রগতি জানানোর ক্ষেত্রে দৈনিক পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের কর্মীরা রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হন। অধুনা জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন নিউজ পোর্টালগুলোও গতকাল বেশ দ্রুত নির্বাচনী ফলাফলের খবর প্রচার করে। খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দফতর থেকে আনুষ্ঠানিক ফল প্রকাশের বেশ আগেই বিকল্প ব্যবস্থায় ফল সংগ্রহ করে অনলাইন মাধ্যমগুলো। এবং তা দ্রুত প্রকাশ করে দেয়। এ কারণে ফল জানতে আগ্রহী মানুষেরা যে যার মতো কম্পিউটার, ট্যাবলেট পিসি কিংবা স্মার্ট মোবাইল ফোনের পর্দায় চোখ রেখেছেন সারাক্ষণ। যে কেউ কোনো একটি কেন্দ্রের ফল জানা মাত্রই টেলিফোনে তা জানিয়েছেন বহুজনকে। এভাবেই নির্বাচনী ফলের খবর দ্রুত ছড়িয়েছে, টেলিভিশনে প্রচারের আগেই।
