সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)। গত বৃহস্পতিবার ফোরামের সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান টুলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণ, রাষ্ট্র এবং ইউনিয়ন পরিষদের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে বিইউপিএফ যদি কোন জনপ্রতিনিধির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে সে জনপ্রতিনিধির বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন করে। কিন্তু রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির লক্ষ্যে জনপ্রতিনিধিদের বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে বিইউপিএফ তীব্র প্রতিবাদ জানায়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ ধারায় চেয়ারম্যান অথবা সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক আমলে নেয়ার প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত ও অপসারণের যে বিধান রয়েছে তা বাতিলের দাবি জানায় বিইউপিএফ। - প্রেস বিজ্ঞপ্তি
