নির্বাচনে কঠোর নজরদারি করে বিএনপি

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২২
গতকাল বিএনপি কেন্দ্রীয়ভাবে চার সিটি নির্বাচনে কঠোরভাবে নজরদারি করেছে। দিনভর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে ছিলেন নেতারা। আর বেগম খালেদা জিয়া প্রতি মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি জেনেছেন। বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তিন দফা ব্রিফিং করা হয় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর ৪ সিটি থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ের খবর আসতে থাকলে দলের অফিসে উল্লাস প্রকাশ করেন নেতারা। দলের কার্যালয়ের সামনে ছিল কর্মী-সমর্থকদের বিপুল ভিড়। শুরু হয় মিষ্টি বিতরণ। বেলা ১২টায় প্রথম ব্রিফিং করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বেলা ৩টায় ব্রিফিং করেন চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বিকালে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া এ প্রসঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১২টায় ব্রিফিং-এ রুহুল কবীর রিজভী চার সিটির নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে জালভোট, এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও পুলিশ প্রশাসন দলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন। খুলনায় শাহ আলম সরদার নামে বিএনপির এক কর্মী পুলিশের লাঠিপেটায় মারা গেছে বলেও দাবি করেন তিনি। ৩টার ব্রিফিং-এ ‘চার সিটিতে জাল ভোটের উত্সব চলছে’-এমন দাবি করেন দুদু। তিনি বলেন, সরকার ও ইসি একইভাবে, একই ভাবনায় কাজ করছে। বিকালের ব্রিফিং-এ মির্জা আব্বাস দাবি করেন যে, সরকার সিটি নির্বাচনের ফলাফল ঠিক করে রেখেছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, সরকার ফলাফল আগেই ঠিক করে রেখেছে। নির্বাচন কমিশনের ভূমিকাও পক্ষপাতিত্বমূলক। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় অভিযোগ করে বলেন, শাসক গোষ্ঠী ভোটকেন্দ্র দখল ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নেয়ার চেষ্টা করছে । আন্দোলন চলবে: মওদুদ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সিটি নির্বাচনের ফলাফল যাই হোক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলন চলবে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায় তত্ত্বাবধায়ক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকবে না।