রাজশাহী :ভোট দিয়ে কোলাকুলি করলেন লিটন ও বুলবুল

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২৩
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে উপ-শহর স্যাটেলাইন হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন দুই প্রধান জোটের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল। সকাল পৌনে ৯টার দিকে স্ত্রী রেবেকা সুলতানা সিমিকে সঙ্গে নিয়ে ভোট দেন বুলবুল। অপরদিকে, মা জাহানারা জামান এবং স্ত্রী শাহীন আকতার রেনিকে সঙ্গে নিয়ে লিটন ভোট দিতে যান। ভোট দিয়ে বের হবার পর লিটন ও বুলবুল কোলাকুলি করেন। তারা রাজশাহীর উন্নয়নে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন। এসময় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিজয়ের ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। আর বিজয়ী হলে গঠনমূলক কাজে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবো। পরাজিত হলে ফলাফল মেনে নেবেন কী না? এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা স্বচ্ছ থাকবে কী না তা বিবেচনা করে সিদ্ধান্ত জানাব। তিনি আরো বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সুষ্ঠু, স্বাভাবিক ও শান্তিপূর্ণ বলে মনে হচ্ছে। তবে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডসহ জামায়াত-শিবির প্রভাবিত এলাকার ভোট কেন্দ্রের সহিংসতা এড়ানো গেলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অন্যদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত সাংবাদিকদের বলেন ‘জনগণের যে সাড়া পেয়েছি তাতে আমিই নির্বাচিত হবো। পরাজিত হলে ফলাফল মেনে নেবেন কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি নির্বাচনে কারচুপি হয়, সেক্ষেত্রে পরে সিদ্ধান্ত নেবো। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে রায় মেনে নিয়ে একসঙ্গে কাজ করবো।’