একযুগ পর মামলার চার্জশিট ৩১ জনকে অব্যাহতি

আপডেট : ১৫ জুন ২০১৩, ২৩:২৩
আজ ১৬ জুন চাষাড়া বোমা হামলা দিবস। ২০০১ সালের এই দিনে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার ঘটনা ঘটে। এতে মারা যান ২০ জন হতভাগ্য, আহত হন অর্ধশতাধিক; যাদের অনেককেই বরণ করে নিতে হয়েছে পঙ্গুত্ব। এই ভয়াবহ স্মৃতি মনে করে আজও ভয়ে শিহরিত হয়ে উঠেন নারায়ণগঞ্জবাসী। এদিকে বোমা হামলার প্রায় এক যুগ পর এ ঘটনায় দায়ের করা দুই মামলায় সম্প্রতি আদালতে চার্জশীট প্রদান করে সিআইডি। এতে ছয়জনকে অভিযুক্ত করে ৩১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ও বিএনপি উভয় সরকারই এই বোমা হামলার বিচারের নামে প্রহসন করছে বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা । মামলার তদন্তাকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর নারায়ণগঞ্জ অফিসের সহকারী পুলিশ সুপার এহসান উদ্দীন চৌধুরী জানান, ঘটনার দীর্ঘ ১২ বছর পর গত ২ মে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দু’টির চার্জশীট দাখিল করা হয়েছে। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার দায়ের করা বিস্ফোরক ও হত্যা মামলার উভয় চার্জশীটে অভিন্ন ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, ওবায়দুল্লাহ রহমান, ভারতের দিল্লী কারাগারে আটক সহোদর আনিসুল মোরসালিন, মুহিবুল মুত্তাকিন এবং বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (অব.) কিসমত হাশেমের ছোট ভাই ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। অভিযুক্তদের মধ্যে কাউন্সিলর শকু ও ওবায়দুল্লাহ রহমান ছাড়া অন্যরা গ্রেপ্তার রয়েছেন। কর্মসূচি: দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ সকালে চাষাড়া বোমা হামলার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে, রাতে একই স্থানে প্রজ্বলন করবে মোমবাতি। এছাড়া দিনব্যাপী কোরানখানি, শহীদদের প্রতি শ্রদ্ধা, মিলাদ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করবে জেলা ও শহর আওয়ামী লীগ। দিবসটি পালনে স্বেচ্ছায় রক্তদান ও সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাপ্পী স্মৃতি সংসদ।