রোহিঙ্গা মনে করে সাতক্ষীরায় এক ব্যক্তিকে পিটিয়ে জখম

আপডেট : ১১ মে ২০১৯, ১৬:১৩

সাতক্ষীরায় সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে রোহিঙ্গা ছেলেধরা মনে করে পিটিয়ে জখম করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঁকাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালকের নাম রিয়াজ উদ্দীন মোড়ল (৪০)। তিনি দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, মোটরসাইকেল চালক রিয়াজ বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে বাঁকাল কোল্ডস্টোর মোড় এলাকায় কিছু যুবক তার মোটরসাইকেলে থামিয়ে তাকে ছেলেধরা রোহিঙ্গা মনে করে তাকে বেধড়ক মারপিট শুরু করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: তৃতীয় স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় শ্রাবন্তী!

পুলিশকে ওই ব্যক্তি বলেন, ‘আমি আমার বাড়ি থেকে প্রতিবেশী দুই মহিলাকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলাম। বাঁকাল এলাকায় পৌঁছানো মাত্রই কয়েক যুবক আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারপিট শুরু করে।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটা একটি গুজব। তিনি এ সময় গুজবে কান না দিয়ে আসল ঘটনা জানার আহ্বান জানান। 

ইত্তেফাক/জেডএইচ