আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, 'বিএনপির নেতারা দেশের কোন ক্ষতি করার চেষ্টা করলে জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।' শনিবার চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমী চত্বরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, 'বিএনপির সাংগঠনিক অবস্থা এখন টালমাটাল। ঘরে বসে প্রেস ব্রিফিং করে উস্কানীমূলক বক্তব্য দেওয়া ছাড়া আর তাদের কোন কাজ নেই। আর জনগণের ওপর তাদের কোন আস্থা নেই।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে কাজ করা হচ্ছে। মাদক ও জঙ্গীবাদসহ যে কোন অশুভ শক্তিকে আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি দিয়ে মোকাবেলা করবে।'
আরও পড়ুন: সব ধর্মের জন্যই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে: গৃহায়নমন্ত্রী
জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীয় সদস্য অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
