ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রচার অভিযান র্যালিতে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের পাঠানোর ঘটনায় অভিভাবকমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে এ র্যালি অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদরের এ র্যালিতে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। র্যালিতে অংশ নেয়া এ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ শাবাব মিয়া, তাছিম মিয়া জানায়, প্রধান শিক্ষকের নির্দেশে তারা ক্লাস বর্জন করে এ র্যালিতে অংশ নিতে এসেছে। প্রায় এক ঘণ্টা তাদেরকে প্রখর রোদে পুড়তে হয়েছে। এ অবস্থায় র্যালি শেষে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে না ফিরে বাড়িতে চলে গেছে। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, তারা সন্তানদের বিদ্যালয়ে লেখাপড়া করতে পাঠিয়েছেন। রোদে পুড়ে কোন বেসরকারি প্রতিষ্ঠানের প্রচার অভিযান করাতে পাঠাননি। এ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক সংগঠনের স্থানীয় প্রতিষ্ঠানের প্রচারের উদ্দেশ্যে এই র্যালি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সংগঠন সমর্থিত। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের র্যালিতে অংশ নিতে নির্দেশ দেন। এসময় শিক্ষার্থীদের পাঠদান চলছিল। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ হাসান বলেন, তাদের অনুরোধে আমি শিক্ষার্থীদের র্যালিতে অংশ নিতে নির্দেশ দিয়েছি। এতে শিক্ষার্থীরা একটি ক্লাসে অংশগ্রহণ করতে না পারলেও অন্য ক্লাসে তারা অংশ নিয়েছে। পাঠদান বন্ধ রেখে বেসরকারি প্রতিষ্ঠানের র্যালিতে শিক্ষার্থীদের পাঠানো উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের এই ধরনের র্যালিতে পাঠানো উচিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
