অপহরণের ৪ মাস পর শনিবার ভোরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজ নামক এলাকা থেকে মোজাহেদ হোসেন নামের এক ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। মোজাহেদ দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝারী শাখার আশার ব্র্যাঞ্চ ম্যানেজার এবং তার বাড়ি খানসামা উপজেলার সহজপুর গ্রামে বলে জানা গেছে। গত ১৫ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি ফেরার পথে অপহরণকারীরা চিরিরবন্দর বিন্নাকুড়ির হাটসংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করে বলে তিনি জানান।
উপজেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি জানান, ঘটনার দিন পুত্র সিয়ামের সঙ্গে দেখা করে রাতে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ি ফেরার পথে অপহরণকারীরা উক্ত স্থানে তার পথরোধ করে চোখ বেঁধে মাইক্রোবাসে করে অজানা স্থানে নিয়ে যায়। তিনি ধারণা করেন সৈয়দপুরের কোন এক অজানা জায়গায় তাকে আটক রাখা হয়। এসময় অপহরণকারীরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে একটি ঘরে তাকে আটক রাখা হয় ।
এসময় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে শুক্রবার রাতে একটি মাইক্রোবাসে চোখ ও মুখ বেঁধে নিয়ে আসা হয় এ এলাকায়। অবশেষে আদিতমারী থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা স্বর্ণামতি ব্রিজ নামক স্থানে তাকে ফেলে পালিয়ে যায়। তবে আশার একটি সূত্র জানিয়েছে অফিসের টাকা আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে এটি একটি সাজানো নাটক।
