শাশুড়িকে হত্যার পর বউয়ের আত্মহত্যা

আপডেট : ১৬ জুন ২০১৩, ২০:৫৭
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে শাশুড়ি আফরোজাকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ছেলের বউ বিউটি আক্তার (২৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে ওই উপজেলার পদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী বিউটি আক্তার ওই গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী এবং নিহত আফরোজা আরিফুলের মা। স্থানীয়রা জানায়, ছেলের বউ বিউটি ও আফরোজার প্রায় দিনই কলহ লেগে থাকতো। শনিবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয়দের ধারণা, এর জের ধরে বিউটি ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, রবিবার সকাল ৯টা পর্যন্ত ওই বাড়ি থেকে শাশুড়ি ও ছেলের বউকে বের হতে না দেখে এবং ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। উল্লেখ্য, আরিফুল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ওই বাড়িতে আর কেউ ছিলেন না।