হোমনায় ধর্ষক সুমন গ্রেফতার

আপডেট : ১১ মে ২০১৯, ১৬:৫৯

হোমনায় দিনের বেলায় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণকারী আলোচিত ৮ মামলার পলাতক আসামি সুমন সরকারকে (২৯) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। ধর্ষণের এক সপ্তাহ পর শুক্রবার রাতে মেঘনা উপজেলার মুগারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা গেলো।

শনিবার আদালতের মাধ্যমে সুমনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার সুমন উপজেলার দাঁড়িগাঁও গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার পুত্র। এদিকে ধর্ষক সুমনের গ্রেফতারের খবর শুনে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলাবাসী দলমত নির্বিশেষে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে শুক্রবার দিনের বেলায় ১১টার দিকে মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির ঐ ছাত্রী তার কৃষক বাবাকে জমিতে খাবার দিয়ে বাড়ি ফিরছিলো। পথে বখাটে সুমন ছাত্রীটিকে একা পেয়ে ভংগারচর গ্রামের রজ্জব আলী মাস্টারের কাঠ বাগানে নিয়ে খোলা জায়গায় ধর্ষণ করে। 

এ ঘটনায় গত ৪ মে শনিবার ওই কিশোরীর পিতা বাদী হয়ে সুমনকে একমাত্র আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন রবিবার থেকে বর্বরোচিত এই ন্যাক্কারজনক ঘটনার  প্রতিবাদে এবং সুমনকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলার সর্বস্তরের জনগণ উপজেলা সদরে কয়েক দফা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুনঃ ভালো নেই ডেফলাই বেদে পল্লীর বাসিন্দারা

হোমনার থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ‘সুমনের বিরুদ্ধে গণধর্ষণ, নারী নির্যাতন, মাদক ও মারামারিসহ মোট ৮টি মামলা বিচারাধীন।’

ইত্তেফাক/নূহু