যশোরের একটি আদালত বাঘারপাড়া উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টিএস আইয়ুবসহ সংগঠনের ৩৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল রবিবার দুপুরে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমি আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৩ এপ্রিল বিরোধী দলের হরতাল চলাকালে যশোর-মাগুরা মহাসড়কের ভাটা আমতলা এলাকায় পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণ মামলার আসামি হিসেবে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ২৩ এপ্রিল যশোর-মাগুরা মহাসড়কের ভাটা আমতলা এলাকায় হরতাল চলাকালে পিকেটাররা পুলিশের ওপর হামলা চালায়। এতে বাঘারপাড়া থানার ওসি রামপ্রসাদ ভক্ত, এসআই মাফিজ ও এএসআই হায়দার আলী গুরুতর জখম হন। পরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। এ ঘটনায় পরদিন খাজুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই উত্তম কুমার বাদী হয়ে টিএস আইয়ুবসহ বিএনপি নেতাকর্মীদের নামে বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ১৬ মে আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন গ্রহণ করেন। রবিবার তারা যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
