আশির দশকের কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন (৬৩) আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুর পৌনে ১২টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
বরেণ্য এ কবি ও অধ্যাপক গত ৬ মে থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, বিভাগীয় চেয়ারম্যান, সূর্যসেন হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গতকাল বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাকে আজ সোমবার বাদ আছর জামালপুরের সরিষাবাড়ী থানার জয়নগর গ্রামে দাফন করা হবে। সৃজনশীল কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি আলাওল সাহিত্য পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন।
