১৪ মাস পরও নিখোঁজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান পাওয়া যায়নি। তারপরও নিখোঁজ ছেলের প্রতীক্ষায় মা সূর্যবান বিবি (৮০) অপেক্ষার প্রহর গুনছেন—কবে ঘরে আসবে তার আদরের ছেলে ইলিয়াস আলী। এখন আগের মত তিনি কান্নায় ভেঙে পড়লেও আসে না তার চোখ দিয়ে পানি। সূর্যবান বিবির চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ইলিয়াস আলী চতুর্থ। ছেলেদের মধ্যে ইলিয়াস আলী দ্বিতীয়।
রাজনীতির কারণে ইলিয়াস আলী ব্যস্ত থাকলেও সবসময় তিনি মার খোঁজ নিতেন। সুযোগ পেলে ছুটে যেতেন গ্রামের বাড়ির বিশ্বনাথে রামধানায়। সর্বশেষ ২০১২ সালের ১৬ এপ্রিল তিনি বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেইবার তিনি ইলিয়াস আলীকে তার মা প্রাণভরে বিদায় দিতে পারেননি। কারণ গত বছরের ১৭ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন তার আদরের ছেলে ইলিয়াস। তারপর থেকে তার আর কোনো খোঁজ না পাওয়ায় ইলিয়াসের মা সূর্যমান বিবি ভেঙে পড়েছেন। নিখোঁজ হওয়ার আজ সোমবার ১৪ মাস হলেও প্রতিটি মুহূর্ত কাটে তার ছেলের কথা মনে করে।
ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি বলেন, ‘বাবা তুমি কিতার লাগি আইছো? আর খত ছবি তুলবায় ও খত কথা লেখ বায়?’ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর মনের মাঝে অনেক আশা ছিল তাকে খুঁজে পাওয়া যাবে। ছেলেকে ফিরে পেতে তার মা সূর্যমান বিবি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ইলিয়াস আলীর ছোট ভাই এস আসকির আলী বলেন, আমি আমার ভাই ও তার গাড়ি চালক আনসার আলীকে ফিরে পেতে সরকারের কাছে দাবি জানাই।
