সন্তান জন্মের আগে শেষবারের মতো প্রকাশ্যে কেট

আপডেট : ১৬ জুন ২০১৩, ২৩:০৪
ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন সন্তান জন্মের আগে শেষবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন। শনিবার রানি দ্বিতীয় এলিজাবেথের ৮৭তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়। এ উপলক্ষে লন্ডন প্যারেড গ্রাউন্ডে সামরিক কুচকাওয়াজে ক্যাথরিন উপস্থিত ছিলেন। ক্যাথরিন (কেট মিডলটন) খোলাজিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। জিপে আরো ছিলেন উইলিয়ামের ছোটভাই প্রিন্স হ্যারি এবং তাদের সত্মা প্রিন্স চার্লসের স্ত্রী কামিলা। খবর এএফপির। উইলিয়াম ও কেটের প্রথম সন্তান জুলাই মাসে জন্ম নেবে। এ শিশু হবে ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। প্রথম উত্তরাধিকারী উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস। দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম। এদিকে রানির স্বামী প্রিন্স ফিলিপের পেটে অস্ত্রোপচারের কারণে তিনি হাসপাতালে রয়েছেন। ফলে ডায়াসে তার পরিবর্তে রানির ফার্স্ট কাজিন প্রিন্স এডওয়ার্ড অভিবাদন গ্রহণ করেন। ২১ এপ্রিল রানির জন্মদিন। কিন্তু আবহাওয়া অনুকূল বিবেচনায় শনিবার জন্মদিন পালন করা হয়।