পড়াশোনায় অভিভাবকের দায়িত্ব

আপডেট : ১৭ জুন ২০১৩, ২০:২৮
শুরুতে যা করতে পারেন বছরের শুরুতেই শিশুর উপযোগী একটি মানসম্মত পাঠ-পরিকল্পনা করা উচিত। স্কুলের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকের সম্পৃক্ততাই পারে এ সমস্যা সমাধান করতে। ক্লাসে শিশু মনোযোগী হলে বাসায় গিয়ে একবার পড়াটা দেখলে তা বেশি মনে থাকে। তাই শিশুকে এ কাজে সাহায্য করবেন অভিভাবক। তারা সন্তানের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বছরের শুরুতেই আলোচনা করে নিতে পারেন পাঠ-পরিকল্পনা সম্পর্কে। সরাসরি পড়াশোনা শুরু না করে একটু ভিন্ন আঙ্গিকে করা যেতে পারে। সে ক্ষেত্রে অভিভাবককেই কৌশলী হতে হবে। সন্তানকে নিয়মিত, ঠিক সময়ে স্কুলে পাঠানোর অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রতিদিন স্কুল থেকে সন্তান ফিরলে গল্পের ছলে তার পড়াটা জিজ্ঞেস করে নিতে হবে। বছরের শুরু থেকেই নিয়মিত পড়াশোনার অভ্যাস করাতে হবে। তাহলে পরীক্ষার সময় অতিরিক্ত চাপ পড়বে না। শিশুকে সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়া শেখানো উচিত। পড়াটা যেন না বুঝে মুখস্থ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন শিশু পরীক্ষায় একটু খারাপ করলে রাগ করা ঠিক নয়। শিশুকে বোঝাতে হবে যে সে ভালো করতে পারবে। এ আত্মবিশ্বাস তার মধ্যে গড়ে তুলতে হবে। তবেই সারা বছরের নিয়মিত লেখাপড়ার ফল ভালো হবে। ছোট ছোট উপহার দেওয়ার পদ্ধতির মাধ্যমেও সন্তানকে উত্সাহিত করতে হবে। শুরু থেকেই যেকোনো সমস্যায় শ্রেণীশিক্ষকের সঙ্গে পরামর্শ করা উচিত। সন্তান কেমন করছে, সেই খোঁজখবরও রাখতে হবে। নতুন ধরনের শিক্ষাপদ্ধতিতে পড়াশোনা বছরের শুরুতেই পাঠ্যসূচি, পাঠের পরিধি, পাঠ-পরিকল্পনা ও সমাপনী প্রশ্নকাঠামো সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীর ধারণা নিয়ে নিতে হবে। অভিভাবককে নতুন ধরনের শিক্ষাপদ্ধতি গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। অযথা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা উচিত নয়। বই পেয়েই অনুশীলনের প্রশ্নগুলো পড়ার দরকার নেই। প্রথমে মূল বিষয়টি ভালোভাবে শিশুকে পড়াতে হবে। সেটি আত্মস্থ করাতে হবে। তাহলে সৃজনশীলসহ যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য সহজ হবে। শিশুকে চিন্তাভাবনার জন্য সময় দিতে হবে। শিশুরা অনেক সময় নির্দিষ্ট বিষয়ে পড়তে চায় না, তখন তার পছন্দমতো অন্য বিষয়কেই প্রাধান্য দেওয়া উচিত। এক দিনেই সব পড়ে ফেলতে হবে, এমন ধারণা থেকে বের হয়ে আসা উচিত। লেখাপড়াকে আনন্দময় করে তুলতে হবে সারা বছরই। মনে রাখতে হবে স্কুল থেকে বাসায় ফিরে খাওয়ার পরই শিশুকে আবার পড়তে বসানো উচিত নয়। শিশু পরীক্ষায় একটু খারাপ করলে রাগ করা ঠিক নয়। পড়াশোনায় ভালো করলে ছোট ছোট উপহার দেওয়া যেতে পারে। এক দিনেই সব পড়ে ফেলতে হবে, এমন ধারণা ঠিক নয়। আন্তরিকতার সঙ্গে সন্তানকে পড়ার বিষয়টি বোঝাতে হবে। মডেল ঝর্ণা ও রায়া ছবি দীপঙ্কর দীপু