ভারতে বিজেপি-জেডি (ইউ) জোট ভেঙ্গে গেছে

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:১১
ভারতে ২০১৪ সালের মে মাসের নির্বাচনের আগে বিহার রাজ্যে প্রভাবশালী জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) রোববার ভারতীয় জনতা দল (বিজেপি)-নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এলায়েন্স (এনডিএ) থেকে বেরিয়ে গেছে। বিজেপি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দলের জাতীয় নির্বাচনী প্রচার কমিটির প্রধান করার সিদ্ধান্ত নেয়ার পর দলটির সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি ঘোষণা করে জেডি (ইউ)। এক সংবাদ সম্মেলনে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং জেডি (ইউ) প্রেসিডেন্ট শারদ যাদব এনডিএ’র সঙ্গে দলের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এ ভাঙনের ফলে আগামী নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে পরাজিত করার পথে বিতর্কিত নেতা মোদির অগ্রযাত্রায় বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দেশের অবনতিশীল অর্থনীতি এবং কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর দ্বিতীয় মেয়াদকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার জন্য বিজেপি’র উপযুক্ত মিত্রদল খুঁজে পাওয়ার সুযোগটাও এতে বিঘ্নিত হতে পারে। বিজেপি গত সপ্তাহে মোদিকে নির্বাচনী প্রচার কমিটির প্রধান করে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পথে তাকে আরো একধাপ এগিয়ে দেয়। কিন্তু এ সিদ্ধান্তের কারণেই জেডি (ইউ) এর সঙ্গে বিরোধ দেখা দেয়। জেডি (ইউ)সহ বহু সমালোচকই ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় দ্রুত এবং যথাযথ কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে মোদির বিরুদ্ধে অভিযোগ করে আসছে। ওই দাঙ্গায় নিহতদের বেশির ভাগই ছিল মুসলিম।