ভারতে মন্ত্রিসভায় পরিবর্তন

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:১২
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন। তিনি আটজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। মন্ত্রিসভা থেকে গত সপ্তাহে প্রবীণ দুই মন্ত্রী সিপি জোসি এবং অজয় মাকেন পদত্যাগ করার পর নতুন মন্ত্রীদের নিয়োগ দেয়া হলো। সোমবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীরা শপথ নেন বলে ভবনের এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এদের মধ্যে মালিকার্জুন খারগে রেলমন্ত্রী, অস্কার ফার্নান্দেজ পরিবহনমন্ত্রী, গিরিজা ভাইয়াস গৃহায়ণ মন্ত্রী, শিশরাম ওলা শ্রমমন্ত্রী এবং ভীরেন্দ্র সিং বস্ত্রমন্ত্রী হিসেবে শপথ নেন। ভারতের মন্ত্রিসভায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ পদ শূন্য ছিল। কয়েকদিন আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রেলমন্ত্রী পিকে বানসাল ও আইনমন্ত্রী অশ্বনী কুমার। রেলমন্ত্রী বানসালের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠলে তিনি পদত্যাগ করেন। কয়লাখনি তদন্তের বিতর্ককে কেন্দ্র করে পদত্যাগ করেন অশ্বনী কুমার। এর আগে গত বছর সরকারের জোট সদস্য তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে দলের দুই সদস্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। খবর এনডিটিভির।