সিরিয়া-মিসর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

আপডেট : ১৭ জুন ২০১৩, ২১:১২
সিরিয়ার সঙ্গে মিসর সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুরসি। সিরিয়ার আকাশে বিমান-উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি। শনিবার মিসরের রাজধানী কায়রোতে সুন্নি মুসলিম ধর্মীয় নেতাদের ডাকা এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভাষণে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র, ইরান সমর্থিত লেবাননী শিয়া রাজনৈতিক দল ও বেসামরিক বাহিনী হিজবুল্লাহকে সতর্ক করে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে সরে যেতে বলেন। মুরসির এ ঘোষণার মাধ্যমে সবচেয়ে জনবহুল আরব দেশ মিসর সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিল। মুরসি বলেন, “হিজবুল্লাহকে সিরিয়া থেকে অবশ্যই সরে যেতে হবে। সিরিয়ায় হিজবুল্লাহর কোনো স্থান নেই।” গত সপ্তাহে মিসরে অনুষ্ঠিত সুন্নি ধর্মীয় নেতাদের একটি সম্মেলন থেকে দামেস্কের বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ’ শুরু করার ডাক দেয়া হয়। কায়রোর সমাবেশ মধ্যপ্রাচ্যে বিদ্যমান আন্তঃসামপ্রদায়িক বিভক্তিকে আরো গভীর করে তুলবে বলে ধারণা পর্যবেক্ষকদের। মুরসির ভাষণের আগে এক সুন্নি ধর্মীয় নেতা শিয়া মুসলিমদের “বিভ্রান্ত, নাস্তিক, নিপীড়ক ও বহু-ঈশ্বরবাদী” বলে অভিহিত করেন। আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দাবি জানানো বিক্ষোভকারীদের জবাবে মুরসির প্রতি সমর্থন প্রকাশের উদ্দেশ্যে সমাবেশটির আয়োজন করা হয়। মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসি মিসরের ও সিরিয়ার পতাকা হাতে নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। এ সময় সেখানে উপস্থিত তার প্রায় ২০ হাজার সমর্থক শ্লোগান তোলে : “মিসরের বিপ্লবের পথ ধরে আমরা তোমাকে ছুঁড়ে ফেলবো, বাশার!”