বরিশালসহ চার সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবিতে বানারীপাড়ার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার চার সিটিতে শত শত কোটি টাকার উন্নয়ন করার পরও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের পরাজয়ে আগামী সংসদ নির্বাচনে দলের বিজয় নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশাল সিটি নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটি ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের আহবায়ক সদ্য বিদায়ী মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের পক্ষে বানারীপাড়া-উজিরপুর আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সহ-সভাপতি সৈয়দ আতাউর রহমান মুনির, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, মহিলা ভাইস চেয়ারম্যান আমিরুন্নেছা, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ওইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু এবং পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ করেন।
এমনকি সংসদ সদস্য মনির পত্নী রাজিয়া ইসলাম ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের পত্নী জেসমিন ফারুকও গণসংযোগে নামেন। সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি মেয়র প্রার্থী হিরনের বিজয়ের জন্য ভোটের দিনসহ বেশ কয়েকদিন রোজা পর্যন্ত রাখেন। এদিকে চার সিটিতে দলীয় প্রার্থীদের জয়জয়কারে উজ্জীবিত ও উত্ফুল্ল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
