জাতীয় মানবাধিবার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যে সুষ্ঠু নির্বাচন করা যায় সেটা সিটি নির্বাচনে দেখা গেছে। এ নির্বাচনের মাধ্যমে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভুল প্রমাণিত হয়েছে। বিরোধী দলের এখন একমাত্র কাজ হবে তত্ত্বাবধায়ক ইস্যু পরিহার করে কিভাবে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা যায় সে দিকে গুরুত্বারোপ করা। সিটি নির্বাচনে বিজয়ীদের জয়- জনগণের জয়, গণতন্ত্রের জয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে ‘বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন ও অধ্যাপক মো. রহমত উল্লাহ।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। একাত্তরের স্বাধীনতাবিরোধীরা সামপ্রদায়িকতার ফণা তুলছে। রাষ্ট্র ও রাজনৈতিক দল এক না হলে দেশে বিপদ হতে পারে। জনগণের অধিকার রক্ষায় শাসকরা যেন শোষক না হন। আর এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন আমাদের প্রেরণা যোগাবে।
বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন তুলে ধরে ড. মিজান বলেন, এই বইটি বঙ্গবন্ধুকে রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয় মানুষ হিসাবে পাঠকের কাছে উপস্থাপন করবে। উদার-নৈতিক মানসিকতা বঙ্গবন্ধুকে মানুষের কাছে একজন অসামপ্রদায়িক মানুষ পরিচিত করবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে মানবাধিকার সচেতনতা থাকলে সমাজে কিংবা রাষ্ট্রে অন্যায় করার প্রবণতা একেবারেই শূন্যের কোটায় চলে যেতে পারে। অন্যায়ের বিরুদ্ধেও মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.এম শাহ আলম।
