মহানন্দার বুকে চাষ হচ্ছে বিভিন্ন ফসল

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:২৮
ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে শুকিয়ে গেছে এককালের খরসোতা মহানন্দা নদী। এই নদীর বুকে এখন চাষ হচ্ছে বোরো ধানসহ বিভিন্ন ফসল। নদীর অধিকাংশ এলাকায় চর পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এইসব এলাকা দিয়ে পায়ে হেঁটে জনসাধারণ পারাপার হচ্ছে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর হতে নসিপুর পর্যন্ত এবং গোবরাতলা ইউনিয়নের গোবরাতলা বাজারের নিকটে বিশাল চরের কারণে মহানন্দার পানি প্রবাহ বর্ষা শুরু আগে একেবারেই ছিল না। ফলে বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। এমনকি ঐ এলাকার জনগণ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এবং সেচ কাজে পাচ্ছে না নদীর পানি। অপরদিকে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নদীর বুকে আবাদ করা হচ্ছে বোরো ধানসহ বিভিন্ন ফসল। নদী সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এবং নদী পাড়ের জনসাধারণ পলি পড়া মাটি কেটে চাষাবাদ করায় সেই মাটি বর্ষার সময় গলে গলে নদীতে পড়ে সৃষ্টি হয়েছে বড় বড় চরের। এক সময় বাণিজ্যিকভাবে মহানন্দা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাই, গোবরাতলা, মল্লিকপুর, চৌডালা, গোমস্তাপুর ও রহনপুরে গড়ে উঠেছিল নৌ বন্দর। সেগুলো এখন অকার্যকর।