বাইগুণী প্রাইমারী স্কুলের ক্লাস চলে আকাশের নিচে

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩১
নানা সমস্যায় জর্জরিত সাতক্ষীরার তালা উপজেলার ১০৩ নং বাইগুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালবৈশাখী ঝড়ে শ্রেণিকক্ষের চাল উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন বাইগুণী গ্রামে ১৯৪০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। জাতীয়করণের পর থেকে অত্র বিদ্যালয়টি এলাকার একমাত্র প্রতিষ্ঠান হিসাবে ছাত্র-ছাত্রীদের পাঠদান অব্যাহত রেখেছে। ২০০৭ সালে পিইডিপি প্রকল্পের অধীনে দুই কক্ষ বিশিষ্ট একতলা বিশিষ্ট ছাদের ঘর এবং পাশেই দুই কক্ষ বিশিষ্ট টিনের ছাউনি দিয়ে আরো একটি ভবন নির্মিত হয়। বিদ্যালয়ের যে টিনসেড ভবনটি রয়েছে তার দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে টিনের চাল দিয়ে পানি পড়ে। গত ১৬ এপ্রিল কালবৈশাখী ঝড়ে পশ্চিম পাশে অবস্থিত আধাপাকা ভবনের টিনের চাল সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ায় ছাত্র-ছাত্রীদের খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এবং বিদ্যালয়ের বেহাল দশা থেকে উত্তরণের জন্য স্থানীয় সংসদ সদস্য এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম জানান, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে এলাকার সচেতন মহলের সাথে সব সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ে বর্তমানে ৬জন শিক্ষক ও ২৩৪ জন ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতি বছর সমাপনী পরীক্ষায় বিদ্যালয় থেকে শতভাগ সাফল্য অর্জিত হয়। একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে। ফলে বিদ্যালয়ের কার্যক্রমসহ ছাত্র-ছাত্রীদের খেলাধূলার পরিবেশ ব্যাহত হয়। তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, বাইগুণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত কক্ষ পুনঃসংস্কারের বিষয়টি আমরা জরুরি ভিত্তিতে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।