ঋণের বোঝা সইতে না পেরে যশোরের অভয়নগরে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার উপজেলার ধলিরগাতি গ্রামে।
পুলিশ জানায়, উপজেলার ধলিরগাতি গ্রামের রামদাসের স্ত্রী ২ সন্তানের জননী স্বপ্না দাস (২০) গত রবিবার সকালে গলায় দড়ি দিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেছে। ধলিরগাতি গ্রামের ঋষি সমপ্রদায়ের রামদাস বাঁশের তৈজসপত্র বিক্রি করে কোন মতে জীবিকা নির্বাহ করতো। নিজের পুঁজি না থাকায় অন্যের কাজ করে মুনাফার একটি অংশ সে পেতো। কিন্তু তা দিয়ে সংসারের ভরণ পোষণ জোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। ফলে বিভিন্ন এনজিওসহ প্রতিবেশীদের কাছ থেকে ধারকর্জ করে সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। গত শনিবার জনৈক পাওনাদার বাড়িতে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে।এ নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরপর গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে।
