রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভাগীয় সরকারি খাদ্যশস্য পরিবহন ঠিকাদার আলহাজ্ব বাহাউল হক তালুকদারের চালবোঝাই একটি ট্রাক ডাকাতি হয়েছে। গত ১৩ জুন দিনাজপুর থেকে জয়পুরহাট যাওয়ার পথে আক্কেলপুর সান্তাহারগামী সড়কের বুড়ারপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত চাল ও ট্রাকটি উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে আলহাজ্ব বাহাউল হক তালুকদারের প্রতিষ্ঠান প্রতিনিধি আলতাফ হোসেন বাদী হয়ে ১৪ জুন জয়পুরহাটের আক্কেলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, রংপুর মহানগরীর তালুকদার এন্টারপ্রাইজের প্রতিনিধি আলতাফ হোসেন গত ১৩ জুন দিনাজপুরের পুলহাট খাদ্য গুদাম থেকে ৫ লাখ টাকা মূল্যের সরকারি চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৬৩৭) নিয়ে সান্তাহার বিএসডি’র উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১২টার দিকে তারা আক্কেলপুর- সান্তাহারগামী সড়কের বুড়ারপুকুর নামক স্থানে পৌঁছলে একদল ডাকাত সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতিরোধ করে। এ সময় তারা ট্রাকচালক রংপুর মহানগরীর ঈশ্বরপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন মণ্ডলের পুত্র আবুল বাসার ও হেলপার লাহেরীরহাট এলাকার বিশ্বনাথকে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারপিট ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়।
