সাগরে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩২
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী যাত্রী বোঝাই নৌকাডুবির ঘটনায় গত দু’দিনে ৫ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরো ৩ জন নিখোঁজ রয়েছে। এর সাথে জড়িত দালালচক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় টেকনাফ মডেল থানার ওসি মোঃ ফরহাদ জানিয়েছেন। সোমবার ভোরে সাবরাং কাটাবনিয়া খালের মুখে ভেসে লাশটি নিখোঁজ নৌকার কর্মচারী কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের। এছাড়া সকালে পার্শ্ববর্তী এলাকায় আরো এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। এদিকে সাগর পাড়ে মৃতদেহগুলো ভেসে আসার খবরে থানা পুলিশের এসআই আওয়াল মৃতদেহ দুটি উদ্ধারপূর্বক সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এছাড়া রবিবার রাতে সাবরাং মুন্ডার ডেইল ও টেকনাফ মহেশখালীয়া পাড়া ঘাটে দুই নারী ও এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য যে, ১৬ জুন রবিবার সাবরাং কাটাবনিয়া ঘাট দিয়ে সাগরে বড় ট্রলারে তুলে দিতে স্থানীয় মার্কিনের মালিকানাধীন ইঞ্জিনচালিত এক নৌকাযোগে ৩০ পুরুষ, নারী ও শিশু যাওয়ার পথে ডুবে যায়। এতে ২৭ যাত্রী ও ৩ মাঝি-মাল্লা ছিল।