মোরেলগঞ্জে ১টি সেতুর জন্য দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

আপডেট : ১৭ জুন ২০১৩, ২২:৩৫
উপজেলার পশ্চিম চিংড়াখালী ও দক্ষিণ চিংড়াখালী গ্রামের সংযোগ খালের সেতুটি ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিডর পরবর্তী ৬ বছর পূর্বে এ পুলটি ভেঙ্গে পড়লেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পুনর্নির্মাণ করা হয়নি। উপজেলার জনগুরুত্বপূর্ণ এ পুলটি দিয়ে প্রতিদিন ১০ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ পুলের উভয় পাড়ে রয়েছে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংজোড় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, চিংড়াখালী সেলিমগড় সিনিয়র মাদ্রাসাসহ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রয়েছে একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও চিংড়াখালী বাজার। ফলে এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করে। বৃষ্টির সময়ে এ পুলটিতে স্কুলগামী শিশুসহ লোকজনকে চরম ভোগান্তির শিকার হতে হয়। পার্শ্ববর্তী দৈবজ্ঞহাটী , রামচন্দ্রপুর, বনগ্রাম ও হোগলাপাশা মধ্যবর্তী ইউনিয়ন হচ্ছে চিংড়াখালী। এসব ইউনিয়ন ও পার্শ্ববর্তী জিয়ানগর ইউনিয়নের জনসাধারণকে যাতায়াত করতে হয় এ পুলটি দিয়ে। ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম জানান, পুলটি নির্মাণের জন্য একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সভায় উত্থাপন করা হয়েছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যের সুপারিশ নিয়ে জেলা পরিষদে আবেদন করা হয়েছে। কিন্তু সিডর পরবর্তী সময়ে এ ঝুঁকিপূর্ণ পুলটি নির্মাণে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।