জাবি খুলছে আজ

আপডেট : ১৭ জুন ২০১৩, ২৩:০৩
মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি শেষে শিক্ষকদের চলমান আন্দোলনের মধ্য দিয়েই আজ মঙ্গলবার খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । এক মে থেকে শুরু হয়ে ১৭ জুন পর্যন্ত ছুটি ছিল বিশ্ববিদ্যালয়। বিভিন্ন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে গত ২৭ এগ্রিল থেকে আন্দোলন করছে। শিক্ষক আন্দোলনের মুখে গত ২৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯ জুন শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে আন্দোলন বিষয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার। তাই আজ বিশ্ববিদ্যালয় খুললেও কোন ক্লাস অনুষ্ঠিত হবে না বলেও তিনি জানান। চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে অফিসারদের কর্মবিরতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির বয়সসীমা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার অফিসার সমিতি কর্মবিরতি দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুল জানান, অফিসারদের চাকরির বয়স ৬০ থেকে বৃদ্ধি করে ৬২, পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, বাসা বরাদ্দে জটিলতা নিরসনের দাবিতে অফিসাররা কর্মবিরতি কর্মসূচি পালন করছে।